ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চানখাঁরপুল এলাকায় একটি পোশাক কারখানায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে সিড়ির রেলিং ভেঙে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোজাম্মেল হক জানান, শনিবার দুপুর সোয়া ১টার দিকে চানখাঁরপুলের মতিন প্লাজা ভবনে ইউরোটেক্স লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিকের নাম জেসমিন আক্তার (৩০) ও তাসলিমা (২০)।
শুক্রবার রাতে গুলিস্তানে বাটা বাজারে আগুন লেগে শো রুম ও গুদাম পুড়ে যাওয়ার পরদিনই চানখাঁরপুলে এ ঘটনা ঘটলো।
হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিক সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৭ তলা কারখানা ভবনে কাজ চলার সময় তিনতলা থেকে হঠাৎ বিস্ফোরণের মতো আওয়াজ পাওয়া যায়। এ সময় গুজব ছড়িয়ে পড়ে যে, বয়লার বিস্ফোরিত হয়ে কারখানায় আগুন লেগেছে। এর পরপরই সবাই হুড়োহুড়ি করে নামার চেষ্টা করে।
সালেহা বেগম নামে আরেক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতঙ্কিত হয়ে সবাই নিচে নেমে দেখেন কলাপসিবল গেট বন্ধ। এ সময় সিড়ির ওপর চাপ বাড়ে। একপর্যায়ে সিড়ির ওপর থাকা শ্রমিকরা রেলিং ভেঙে নিচে অন্য শ্রমিকদের ওপর পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।
নিপা নামের এক শ্রমিক অভিযোগ করেন, সিড়িতে নামার অপেক্ষায় থাকা শ্রমিকরা যাতে বের হতে না পারে- সেজন্য কলাপসিবল গেটে তালা লাগিয়ে দিয়ে কারাখানার এক কর্মকর্তা ‘কিছু হয়নি’ বলে শ্রমিকদের উপরে যাওয়ার তাগিদ দিচ্ছিলেন।
ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, তাদের কর্মীরা ওই কারখানায় পৌঁছে দেখেন আগুন লাগেনি। বিস্ফোরণও ঘটেনি। বয়লারের বাষ্প দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামার চেষ্টা করলে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার সময় কারখানায় কর্মরত শ্রমিক কাসেম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বয়লারের গরম পানির লাইনের একটি অংশ কিছুটা খুলে যাওয়ায় সেদিক দিয়ে জোরে বাষ্প বের হচ্ছিল। তা পুরো তৃতীয় তলায় ছড়িয়ে পড়লে ধোঁয়া মনে করে শ্রমিকরা ছোটাছুটি শুরু করে।
এদিকে দুপুর আড়াইটার পর নিহত দুই কর্মীর লাশ হাসপাতাল থেকে গার্মেন্টস ভবনে নিয়ে আসে শ্রমিকরা। এ সময় কিছু কর্মী উত্তেজিত হয়ে কারখানার জানালা ও আসবাব ভাঙচুর শুরু করে।
তারা কারখানার প্রোডাকশন ম্যানেজার আশরাফ হোসেনকে বাইরে এনে বেদম পিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে সরিয়ে নেয়।
চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা এক প্রকার জোর করেই নিহত দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই কারখানায় নিয়ে আসে। মরদেহ দুটি আবার হাসপাতালে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।”
তবে বিকেলেও শ্রমিকদের ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর এবং মালিক পক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করে ঘটনাস্থলে শ্লোগান দিতে দেখা যায়।
এ ব্যাপারে পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার আফরুজুল হক টুটুল রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজিএমই, কারখানার মালিক পক্ষ, শ্রমিক ফেডারেশন এবং পুলিশের প্রতিনিধির সঙ্গে নিহতদের স্বজনরা আলোচনা করেন। মালিক পক্ষ তাদের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে।
নিহত জেসমিন আক্তারকে কেরাণীগঞ্জে এবং তাসলিমাকে চাঁদপুরের গ্রামের বাড়িতে দাফন করার জন্য নিয়ে যান স্বজনরা। দাফনের জন্য নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে কিছু টাকা মালিকপক্ষ দিয়েছে বলেও জানান তিনি।
কারখানা এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এএসটি/আরএ/জেকে/১৯১৮ ঘ.
bdnews24