চাঁদপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতিকে পুরোপুরিভাবে দায়মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
শুক্রবার রাতে চাঁদপুর শহরে এক অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের মাধ্যমে জাতি কিছুটা হলেও দায়মুক্ত হয়েছে। আর যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে পুরোপুরিভাবে দায়মুক্ত করা হবে।
হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দীপু মনি বলেন, ৪০ বছরের ক্ষত যারা বহন করছেন যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মাধ্যমে তাদের হৃদয়ের ক্ষত অপসারিত হবে। জাতীয় ও আন্তর্জাতিক দায়বদ্ধতার হাত থেকে জাতি মুক্ত হবে।
দেশের সমুদ্র সীমা নির্ধারণ প্রসঙ্গে দীপু মনি বলেন, পেিশর দেশ মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে যে বিরোধ রয়েছে তা আন্তর্জাতিকভাবে নিরসনের চেষ্টা চলছে।
এর আগে বিকেলে শহরের মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারের সামনে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগে সাবেক সভাপতি প্রয়াত সিরাজুল ইসলামের সহধর্মিনী ছায়েরা খাতুন।
সন্ধ্যায় বিজয় মেলা মঞ্চে মেলা কমিটির চেয়ারম্যান শেখ আব্দুল লতিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, পুলিশ সুপার সহিদুল্লাহ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল হক বাচ্চু মিয়াজী প্রমুখ।
এবার মুক্তিযুদ্ধের বিজয় মেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহসহ বিভিন্ন ধরনের মোট ১৪০টি স্টল স্থান পেয়েছে।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৩ ঘ.
bdnews24