বেনাপোল, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের ঝিকরগাছা উপজেলায় দুর্বৃত্তের বাটালির আঘাতে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে কায়েমকোলা বাজারে এ হামলায় নিহত আব্দুর রহিম (৩২ ) ঝিকরগাছার ডহর মাগুরা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
ঝিকরগাছা থানার ওসি এনামুল হক সাংবাদিকদের বলেন, আব্দুর রহিম কাজ শেষে বিকেলে বাড়ি ডাওয়ার সময় কায়েমকোলা বাজারে রাজা মাস্তান নামে এক ব্যক্তির সঙ্গে তার বাইসাইকেলের ধাক্কা লাগে। এতে রাজা মাস্তানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এ সময় রাজা বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে বাটালি এনে আব্দুর রহিমের বুকের ডানদিকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজা মাস্তান ঝিকরগাছার সন্তোষনগর গ্রামের মিন্টুর ছেলে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪১ ঘ.
bdnews24