ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন প্যারাঅলিম্পিকে অংশ নিতে হলে শিগগিরই প্যারাঅলিম্পিক গঠনের তাগিদ দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব এম ওয়ালী উল্লাহ।
তিনি বলেছেন, এ কমিটি গঠন না হলে আগামী বছর লন্ডন প্রতিযোগিতায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ কঠিন হয়ে পড়বে।
শুক্রবার ব্রিটিশ হাইকমিশনে এক হাঁটা প্রতিযোগিতা বা ‘ওয়াকাথনে’ অংশ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওয়ালি উল্লাহ এ কথা বলেন।
তিনি বলেন, “খেলোয়াড় নির্বাচন করে থাকে জাতীয় প্যারাঅলিম্পিক কমিটি। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের নিবন্ধনের সময় শেষ হবে আগামী বছরের ফেব্র“য়ারিতে। কিন্তু এখন পর্যন্ত এ সংক্রান্ত কমিটি গঠন করেনি সরকার।”
“কমিটি গঠন করে যাতে সময়মতো নিবন্ধনের কাজ শেষ করা যায় সে জন্য আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়ে বলেছি। কিন্তু এ বিষয়ে মন্ত্রণালয় এখনো কোনো উত্তর দেয়নি,” বলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব।
২০১২ সালের ২৭ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত লন্ডন শহরে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে জমকালো ও বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা ‘অলিম্পিক গেমস্’। আর একই স্থানে ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিবন্ধীদের জন্য ‘প্যারাঅলিম্পিক’।
পরিসরের দিক থেকে অলিম্পিকের পরেই প্যারাঅলিম্পিকের অবস্থান। দ্বিতীয় বৃহত্তম এই আসরে প্রতিযোগিতা করে থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিবন্ধী ক্রীড়াবিদরা।
এর আগের দুটি প্যারাঅলিম্পিকে অংশ নিয়েছিল বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এমআই/২১৫১ ঘ.
bdnews24