জিয়া শাহীন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বগুড়া, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্বোধনের পাঁচ বছর পর শিক্ষা কার্যক্রম শুরু হলেও বগুড়া গ্র্যাজুয়েট নার্সিং কলেজে সমস্যার অন্ত নেই।
এ বছর প্রথম ব্যাচে ১২৫ জন শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। কিন্তু শিক্ষক, কর্মচারী, শিক্ষা উপকরণ ও হোস্টেলের সমস্যার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জেলা শহরের উপকণ্ঠে ছিলিমপুর এলাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পাশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বগুড়া নাসিং কলেজ স্থপনের কাজ শুরু হয়।
কলেজটি উদ্বোধন করা হয় ২০০৬ সালে। কিন্তু এরমধ্যে কোনো ছাত্রছাত্রীও ভর্তি করা হয়নি।
২০০৮ সালে ফিরোজা বেগমকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
চলতি বছরের ১১মে কলেজের প্রথম ব্যাচে শিক্ষর্থী ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি করা হয় ১২৫ জন ছাত্র-ছাত্রী।
কলেজে প্রয়োজনীয় শিক্ষক, কর্মচারী ও শিক্ষা উপকরণ নেই।
অধ্যক্ষ ফিরোজা বেগমক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজে ৩০ জন শিক্ষক নিয়োগের কথা থাকলেও উপাধ্যক্ষসহ কোনো অধ্যাপক নিয়োগ দেওয়া হয়নি। শুধু সহকারী অধ্যাপক আর প্রভাষক দিয়ে কাজ চালানো হচ্ছে।
শিক্ষকের মধ্যে সহকারী অধ্যাপক আর প্রভাষক মিলে রয়েছেন ১৩ জন। এছাড়া আটজন অতিথি প্রভাষকও রয়েছেন।
অধ্যক্ষ বলেন, ৭২ জন কর্মচারীর স্থলে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে চারজন। স্থানীয় ব্যবস্থাপনায় বাকি কর্মচারীদের দৈনিক ভাতায় কাজ করানো হচ্ছে।
প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম শুরু করতে পারলেও সীমিত জনবল দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো কষ্টকর হয়ে পড়েছে। এছাড়াও অন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষা উপকরণ চেয়ে আনতে গিয়ে পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়।
এই কলেজের শিক্ষার্থী নাসরিন আলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেক আশা নিয়ে এখানে ভর্তি হয়েছি। এখন দেখছি বিভিন্ন সমস্যা। বিশেষ করে ছাত্রীদের হোস্টেলে সুপার নাই। গ্যাস সংযোগ না থাকায় রান্নায় সমস্যা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১০ ঘ.
bdnews24