২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছাদ থেকে ফেলে হত্যা’

খুলনার রূপসা উপজেলায় এক মুরগি খামারিকে নিজের বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 11:28 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

খুলনা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার রূপসা উপজেলায় এক মুরগি খামারিকে নিজের বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে আইচগাতি ইউনিয়নের যুগিহাটি গ্রামে এ ঘটনায় নিহত হন শাহজাহান মোল্লা (৫৩)। তার বাড়ির পাঁচতলা ভবনের সামনের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী পারভীন বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শাহজাহানের বোন লিলি বেগম অভিযোগ করেন, তার ভাইকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। রূপসা থানার ওসি আলী নূর জানান, শাহজাহানের পাঁচতলা ভবনের পুরোটাই মুরগির খামার। তিনি ওই বাড়ির চিলেকোঠায় থাকতেন। তিন মাস আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রী পারভীনকে তিনি তালাক দেন। এনিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। তিনি জানান, বৃহস্পতিবার রাতে তার খামারের কর্মচারী সজল তার সঙ্গে চিলেকোঠার ঘরে ওঠেন। পরে তিনি বাড়ি চলে যান। সকাল ৭টায় এসে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। শাহজাহানকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭২৫ ঘ.