সিলেট, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জে এক অটোরিক্সা চালকের গ্রেপ্তারকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
এদিকে সংঘর্ষের সময় পুলিশের নির্বিচারে লাঠিপেটার প্রতিবাদে ধর্মঘট শুরু করেছেন ওসমানীনগর থানার দয়ামীর বাজার এলাকার এলাকার ব্যবসায়ীরা।
ওসমানীনগর থানার ওসি আল-আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে দয়ামীর এলাকায় অটোরিকশা চালক আবদুল খালেককে গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে শুক্রবার সকাল ১০টা থেকে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা।
এ সময় পুলিশ তাদের সরে যেতে বললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বেলা ১১টার দিকে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে ওসি জানান।
তিনি বলেন, “পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”
সংঘর্ষ চলাকালে পুলিশের লাঠিপেটায় শ্রমিক, ব্যবসায়ী ও পথচারীসহ অন্তত ১৫ জন আহত হন। এদের মধ্যে দয়ামীরের ব্যবসায়ী এনাম মিয়া, আমির আলী, শামীম আহমদ, মনোয়ার আহমদ, তুরন মিয়া, অটোরিকশা চালক মনই মিয়া, শায়েস্তা মিয়া, আবদুল হান্নান ও শাহাব উদ্দিনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে সংঘর্ষের সময় পুলিশের ‘নির্বিচারে’ লাঠিপেটার প্রতিবাদে দয়ামীর বাজারের সব দোকান বন্ধ রেখে ধর্মঘট শুরু করেছেন ব্যবসায়ীরা।
বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক আমিন উদ্দিন জানান, ব্যবসায়ীদের ওপর হামলার সুরাহা না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাই মোশাহিদ বলেন, “শ্রমিক ও এলাকাবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা দুঃখজনক। সমঝোতার জন্য বিকেলে বৈঠক ডাকা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩৩০ ঘ.
bdnews24