২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহিদ হাসানের ‘ব্যাখ্যায়’ সিরাজগঞ্জে কর্মসূচি প্রত্যাহার

অভিনীত চরিত্রটির নাম ‘মুজিব’ নয়, মজিদ- অভিনেতা জাহিদ হাসানের এ ‘ব্যাখ্যা’র পর তাকে ‘অবাঞ্ছিত’ করাসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে সিরাজগঞ্জ ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 05:47 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিনীত চরিত্রটির নাম ‘মুজিব’ নয়, মজিদ- অভিনেতা জাহিদ হাসানের এ ‘ব্যাখ্যা’র পর তাকে ‘অবাঞ্ছিত’ করাসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে সিরাজগঞ্জ ছাত্রলীগ। তার বক্তব্য উদ্ধৃত করে বৃহস্পতিবার একটি দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়, “জাহিদ হাসান গতকাল জানান, চরিত্রটির নাম মুজিব হবে না। হবে মজিদ।” এ ‘ব্যাখ্যার’ পরিপ্রেক্ষিতে তাকে সিরাজগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণাসহ পূর্বঘোষিত সব কর্মসূচি প্রত্যাহার করে সিরাজগঞ্জ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও ছাত্রলীগ। জেলা আওয়ামী লীগের নেতা ডা. হাবিবে মিল্লাত মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহিদ হাসান সংশ্লিষ্ট পত্রিকায় প্রকাশিত সংবাদ ভুলবশত প্রকাশ হওয়ার কথা স্বীকার করায় তার বিরুদ্ধে ঘোষিত সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।” গত মঙ্গলবার ওই দৈনিকটিতে জাহিদ হাসানের একিট সাক্ষাৎকার প্রকাশ হয়। এতে বলা হয়, একটি মেগা সিরিয়ালে ‘মুজিব নামে টাউট একটি ছেলের চরিত্রে’ তিনি অভিনয় করছেন। এই সংবাদের পরিপ্রেক্ষিতে গত বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ বিক্ষোভ এবং জাহিদের কুশপুত্তলিকা দাহ করে। ওই সমাবেশে হাবিবে মিল্লাত ঘোষণা দেন, “ওই নাটক থেকে যতদিন পর্যন্ত ‘টাউট মুজিব’ নামটি প্রত্যাহার না করা হবে ততদিন পর্যন্ত জাহিদ হাসানকে সিরাজগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।” ওই ঘটনায় বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের ঘোষণা দিয়েছিল সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২৩৪৪ ঘ.