২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের অভিযানে ছয় জন গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ জন ‘ডাকাত’সহ ছয় জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার নবাবগঞ্জ ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ জন ‘ডাকাত’সহ ছয় জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আইয়ুব আলী বেপারী ওরফে জালাল বেপারী (৪০), মো. আবুল হোসেন (৪৫), মো. সিদ্দিক সরকার (২৮), মো. কাশেম বেপারী (২৯), মো. মহিন মোল্লা (৩২) ও মো. মানিক মিয়া (২৯)। বৃহস্পতিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৩ এর একটি দল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার টিকরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘তাছ মিয়া মেডিকেল সেন্টার’ নামে একটি ওষুধের দোকানের সামনে অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে জালাল, আবুল হোসেন, সিদ্দিক, কাশেম, ও মহিনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে মহিন ডাকাত দলের সর্দার বলে ধারণা করা হচ্ছে। তারা সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন দাবি করে র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ‘সুটারগান’, বার বোরের চার রাউণ্ড কার্তুজ, একটি মটরসাইকেল ও পাঁচটি মোবাইল সেট এবং একটি টর্চ লাইট উদ্ধার করা হয়। এ রাতে র‌্যাব-২ এর অন্য একটি দল রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর গোড়ান এলাকায় অভিযান চালিয়ে মানিক মিয়াকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুই রাউণ্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। মানিকের বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানাসহ বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/২১৪৬ ঘ.