ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের ‘আন্তরিকতার অভাবের’ দাবি নাকচ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বেশির ভাগই বাস্তবায়ন করা হয়েছে।
তবে ভূমি বিরোধ নিষ্পত্তিসহ কিছু বিষয়ের বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি বলে বৃহস্পবিার সাংবাদিকদের বলেন সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা।
এর কারণ হিসেবে তিনি বলেন, “ভূমির বিষয়টি একটু জটিল। এজন্য আইন সংশোধনের প্রক্রিয়া চূড়ান্ত করে বর্তমানে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তারাই পরের বিষয়গুলো চূড়ান্ত করবে।”
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ১৪ বছর পূর্তি উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তিনি।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) মধ্যে শান্তিচুক্তির মধ্যে দিয়ে ওই এলাকায় পাহাড়ি ও সেনাবাহিনীর মধ্যে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটে।
পিসিজেএসএস সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বুধবার বলেন, চুক্তি বাস্তবায়নে সরকার ‘আন্তরিক’ নয়।
সচিব নববিক্রম কিশোর বৃহস্পতিবার জানান, শান্তিচুক্তির বর্ষপূর্তি উপলক্ষে সরকারি উদ্যোগে আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ডিসেম্বর বিকাল ৪টায় ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে এ উৎসব উদ্বোধন করবেন বলে জানান তিনি।
সচিব জানান, উৎসব চলাকালীন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসবের প্রদর্শনী চলবে। সেখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর উৎপাদিত বিভিন্ন পণ্যের পসরা বসবে। এ প্রদর্শনীতে ১২০টি স্টল থাকবে।
এছাড়া প্রদর্শনী উপলক্ষে বিশেষ চিত্রাঙ্কন প্রদর্শনী হবে বলেও জানান তিনি।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কতো দিনের মধ্যে বাস্তবায়ন সম্ভব- এ প্রশ্নের জবাবে সচিব নববিক্রম ত্রিপুরা বলেন, “সরকার এখনো এর কোনো কর্মপরিকল্পনা প্রণয়ন করেনি।”
“তবে চুক্তির সব শর্তই পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে” উল্লেখ করে তিনি বলেন, “চুক্তির অংশ হিসেবেই এ মন্ত্রণালয়ের জন্ম হয়েছে। ইতোমধ্যে ৩১টি বিষয়ের মধ্যে ২১টিই আঞ্চলিক পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
“পার্বত্য অঞ্চল থেকে ইতোমধ্যে ২৩৫টি সেনা ক্যাম্প প্রত্যাহার করে সেনাসদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। বাকি বিষয়গুলো যতো দ্রুত সম্ভব বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।”- যোগ করেন তিনি।
পার্বত্য জেলা পরিষদে নির্বাচন না হওয়া প্রসঙ্গে সচিব বলেন, এ নির্বাচনের ভোটাধিকার নিয়ে সমস্যা থাকায় নির্বাচন করা সম্ভব হচ্ছে না। তাই আইন অনুযায়ী সেখানে অর্ন্তর্বতীকালীন পরিষদ দিয়ে কাজ চালানো হচ্ছে। এতে বর্তমানে চেয়ারম্যানসহ পাঁচজন কাজ করছে।
পাঁচ জন চেয়ারম্যানের পক্ষে কাজ বেশি হওয়ায় আইন সংশোধন করে পরিষদেও সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।
পার্বত্য চট্টগ্রামে দেশীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহী’ তৎপরতায় জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে সচিব বলেন, “ওই অঞ্চলে বর্তমানে প্রায় ২০০ বেসরকারি সংস্থা কাজ করছে। তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ খতিয়ে দেখতে মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হয়েছে। কোনো সংস্থার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/পিডি/১৭৪৩ ঘ.
bdnews24