২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি গ ইউনিটফের পরীক্ষা নয়, উত্তরপত্র পুনর্মূল্যায়নে কমিটি

আগামী ৯ ডিসেম্বর নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে তিন সদস্যের একটি কমিটির মাধ্যমে আগের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 06:43 AM

Updated : 24 Aug 2022, 05:17 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের নেতৃত্বে আগের পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য একটি কমিটি করার নির্দেশ দিয়েছে আদালত। তিন সদস্যের এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক থাকবেন, যাদের একজন আসবেন ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে। ‘গ’ ইউনিটের ১২ জন পরীক্ষার্থীর একটি রিট আবেদনের নিস্পত্তি করে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। এই ইউনিটের ভর্তি প্রক্রিয়ার জন্য আগের কমিটি বাতিল করে নতুন একটি কমিটি গঠন এবং বাণিজ্য অনুষদের ডিনকে অপসারণেরও নির্দেশ দিয়েছেন তারা। আদেশে বলা হয়, ‘গ’ ইউনিটের ভর্তি প্রক্রিয়ার নতুন কমিটিতে আগের কমিটির কেউ থাকতে পারবে না। জাফর ইকবালের নেতৃত্বাধীন মূল্যায়ন কমিটি নবগঠিত ভর্তি কমিটির হাতে পুনর্মূল্যায়িত ফল হস্তান্তর করবে। নতুন ভর্তি কমিটিই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। একইসঙ্গে ভর্তির অব্যবস্থাপনা তদন্তে আলাদা একটি কমিটি করতে হবে। এই কমিটি দোষীদের চিহ্নিত করার পর কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুয়ায়ী ব্যবস্থা নেবে। ৯ ডিসেম্বরের ভর্তি পরীক্ষাসহ এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আগের সব সিদ্ধান্তও বাতিল করেছে আদালত। গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার পর ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হয়। কিন্তু প্রশ্নপত্রে ব্যাপক ভুলের অভিযোগ ওঠায় ফল পুনর্মূল্যায়ন করা হয়। এতে উত্তীর্ণের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে যায়। আগে উত্তীর্ণ অনেকের ফলও পরিবর্তন হয়। এরপরও বিপুল সংখ্যক আপত্তি জমা পড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৯ ডিসেম্বর নতুন করে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত ২২ নভেম্বর আগের ফলাফলে উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করে। হাইকোর্টের আহ্বানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল আদালতে এসে মতামত দেন, নতুন করে পরীক্ষা না নিয়েও এ জটিলতার অবসান সম্ভব। বৃহস্পতিবার হাইকোর্ট এই রিট আবেদনের নিষ্পত্তি করে দেওয়ার পর রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, “রিট আবেদনে বলেছি, নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক ও বেআইনি। আদালত আমাদের আবেদন গ্রহণ করে রিট আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন।” আদালত বর্তমান পরীক্ষা কমিটির কাছে থাকা শিক্ষার্থীদের খাতা/ওএমআর শিটগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি। মনজিল বলেন, “আদালত বলেছে, কি কারণে এই ঘটনা ঘটেছে, কারা এই ঘটনায় জড়িত সেই বিষয়গুলো তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দিতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপকক্ষ অর্ডিনেন্স ও অন্যান্য আইন অনুসারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুল উত্তরের প্রশ্নগুলো বাদ দিয়ে উত্তর মূল্যায়ন হবে, না-কি ওই প্রশ্নগুলোতে সবাইকে নম্বর দেওয়া হবে- মূল্যায়ন কমিটিই তা নির্ধারণ করবে। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আদেশ দিয়েছে। এর বিরুদ্ধে আপিল করা হবে কি-না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই সে সিদ্ধান্ত নেবে। “আমরা সর্বোচ্চ স্বচ্ছতার বিষয়টি গুরুত্ব দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার কথা বলেছিলাম। তবে শিক্ষার্থীদের ভোগান্তিসহ অন্যান্য কিছু দিক বিবেচনা করে আদালত আদেশ দিয়েছে।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই ফল নিয়ে এবার যা হয়েছে, তা খুবই দুঃখজনক। কিছু মানুষের চরম গাফিলতি ও ভুলের কারণেই এমনটি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৪৪৬ ঘ.