২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সঙ্গে সম্পর্ক ‘কৌশলগত’ নয়, দিল্লিতে সেনাপ্রধান

ভারত সফররত বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল মো. আব্দুল মুবীন বলেছেন, বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক ‘কৌশলগত’ নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 05:37 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

নয়া দিল্লি, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফররত বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল মো. আব্দুল মুবীন বলেছেন, বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক ‘কৌশলগত’ নয়। মহারাষ্ট্রের খড়কওয়াসলায় মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, “চীন শুধু বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহায়তা করছে।” বাংলাদেশ ও চীনের মধ্যে ‘কৌশলগত সম্পর্ক নেই’ উল্লেখ করে জেনারেল মুবীন বলেন, এতে ঢাকা-নয়া দিল্লি সম্পর্কে প্রভাব ফেলার মতো কিছু নেই। খড়কওয়াসলায় ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (এনডিএ) ‘পাসিং আউট’ প্যারেডে সালাম গ্রহণের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছিলেন বাংলাদেশ সেনাপ্রধান। ভারতীর সেনাপ্রধান বিজয় কুমার সিংয়ের আমন্ত্রণে পাঁচ দিনের ভারতসফরে থাকা জেনারেল মুবীন এনডিএ’র সদ্য পাস করা ক্যাডেটদের সালাম গ্রহণকারী তৃতীয় বিদেশি। এর আগে ১৯৫৬ সালে চীনের তৎকালীণ প্রধানমন্ত্রী চৌ এন লাই এবং ২০০৪ সালে নেপালের সেনাপ্রধান জেনারেল পি জে থাপা প্যারেডে সালাম গ্রহণ করেন। এ সফরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন এবং ভারতীয় সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জেনারেল মুবীনের দেখা করার কথা। ভারতের উত্তর প্রদেশের আগ্রায় ছত্রীসেনাদের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন সেনাপ্রধান। কোলকাতায় ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদরদপ্তরও পরিদর্শন করার কথা তার। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনারেল মুবীন ভারতের সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থান পরিদর্শন করবেন। এতে বলা হয়, “২০০৮, ২০১০ ও ২০১১ সালে দুই সেনাপ্রধানের উচ্চ পর্যায়ের সফরে আমাদের সামরিক সম্পর্ক জোরদার হয়েছে।” দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের পারস্পরিক সফর প্রতিবেশি দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক আরো জোরদার করবে বলে আশা প্রকাশ করেন জেনারেল মুবীন। ভারতের সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং গত বছরের জুনে বাংলাদেশ সেনাবাহিনীর পাসিং আউট প্যারেডে সালাম গ্রহণের পর চলতি বছর একই ধরনের অনুষ্ঠানে যোগ দিলেন জেনারেল আব্দুল মুবীন। মঙ্গলবার এনডিএ থেকে মোট তিনশ দুই জন ক্যাডেট সনদ পায়। এদের মধ্যে ভুটান, আফগানিস্তান, তাজিকস্তান ও মালদ্বীপের ১৬ জন রয়েছে। ২০০৮ সালের ৩০ জুন তাদের প্রশিক্ষণ শুরু হয়। ক্যাডেটদের মধ্যে পুরস্কারজয়ীদের হাতে মেডাল তুলে দেন পাসিং আউট প্যারেডের রিভিউ অফিসার জেনারেল মুবীন। গত বছর বাংলাদেশ সেনাবাহিনীর ‘পাসিং আউট’ প্যারেডে ভারতীয় সেনাপ্রধান বিজয় কুমার সিংরে সালাম গ্রহণের ঘটনাটিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘রাজনৈতিক চাল’ হিসেবে অভিহিত করে সেসময় এর নিন্দা জানিয়েছিল বিএনপি। গত বছরের জুনে পাঁচ দিন ঢাকা সফর করে যাওয়া বিজয় কুমার ১৯৭১ সালে একজন নবীন অফিসার হিসেবে মিত্রবাহিনীর হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা কর্মকর্তাদের মধ্যে কেবল তিনিই এখন চাকরিরত আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৩০ ঘ.