চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নগরীর বন্দর থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে নিমতলা বিমান চত্বর এলাকা থেকে গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আলমের (৪০) বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলায়। থাকেন নগরীর পতেঙ্গা এলাকায়।
বন্দর থানার ওসি মো. নুরুল আবছার ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে বেসরকারি একুশে টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
“কিন্তু এ বিষয়ে একুশে টিভি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায় এ নামে এখানে তাদের কোনো সাংবাদিক কাজ করেন না,” বলেন তিনি।
ইতোপূর্বে এ বিষয়ে একুশে টিভির পক্ষ থেকে পুলিশের কাছে মৌখিক অভিযোগও করা হয়।
ওসি আরো জানান, মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীর নিমতলা মোড়ে কর্তব্যরত এক সার্জেন্টকে সাংবাদিক পরিচয় দেন। পরিচয়পত্র দেখে সন্দেহ হওয়ায় সার্জেন্ট তাকে আটক করেন।
তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/২৩১০ ঘ.
bdnews24