নরসিংদী, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় জবানবন্দি দিয়েছেন আসামি আশরাফুল সরকার।
মঙ্গলবার নরসিংদী সিনিয়র বিচার বিভাগীয় হাকিম শিহাবুল ইসলাম খাস কামরায় এ জবানবন্দি নেন বলে পুলিশ জানিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দেওয়া এই জবানবন্দিতে আশরাফুল এই হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
গত ১ নভেম্বর নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন দলটির শহর কমিটির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন।
এ ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা করেন নিহতের ছোট ভাই কামরুজ্জামান।
আশরাফুল মামলার এজাহারভুক্ত আসামি। তিনি নরসিংদী শহর যুবলীগের সভাপতি। গত ১৫ নভেম্বর ঢাকার খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুই দফায় তাকে ১৩ দিন ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
মামুনুর রশিদ জানান, সকালে কড়া নিরাপত্তার মধ্যে আশরাফুলকে আদালতে হাজির করা হয়। জবানবন্দি শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এদিকে বিকালে নরসিংদী পুলিশ সুপার (এসপি) মহিদ উদ্দিন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লোকমান হত্যা মামলায় জড়িত সন্দেহে কাজী নূরে আলম ওরফে কাজী আলম (৪৫) ও কবিরকে (২৫) নামে আরো দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন।
এসপি জানান, কাজী আলম মেয়র লোকমান হত্যায় সরাসরি জড়িত এবং কবির তার সহকারী। কবিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কাজী আলমকে সোমবার ভোররাতে শহরের সাটিরপাড়া কুমিল্লা কলোনির নিজ বাসা থেকে সাদা পোশাকের লোকজন নিয়ে যায় বলে অভিযোগ করেছিলেন তার স্ত্রী শিউলি বেগম।
কাজী আলম লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন মোবার ছোট বোন জামাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৫৪ ঘ.
bdnews24