নরসিংদী, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার কাজী নূরে আলম ওরফে কাজী আলমসহ তিন জনকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলের আবেদনে বুধবার নরসিংদী মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র দাস এ হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন।
আলমকে (৪৫) হেফাজতে নেওয়ার ১০ দিনের আবেদনে আট দিন এবং মাহফুজ হোসেন সবুজ (২৫) ও শাহীনকে (২৪)
পাঁচ দিন হেফাজতের আবেদনে চার দিন মঞ্জুর করেন বিচারক।
সোমবার নরসিংদীর সাটিরপাড়া এলাকা থেকে কাজী আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন মোবার ছোট বোন জামাই।
গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন।
তার ভাই মো. কামরুজ্জামান এ ঘটনায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩২৪ ঘ.
bdnews24