২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষকের পিটুনিতে’ আহত চার ছাত্র

প্রাইভেট না পড়ায় গাজীপুরের কালীগঞ্জ সরকারি পাইলট স্কুলের এক শিক্ষক সপ্তম শ্রেণীর চার শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

গাজীপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাইভেট না পড়ায় গাজীপুরের কালীগঞ্জ সরকারি পাইলট স্কুলের এক শিক্ষক সপ্তম শ্রেণীর চার শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনায় আহতরা হলো মো. ফাহিম শেখ, মো. নাসির শেখ, হাসিবুল হোসেন শান্ত ও রকিবুল হাসান। ফাহিম শেখকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি এবং বাকিদের কালীগঞ্জ জামিল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতদের বরাত দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা জানান, আহত চার ছাত্র ওই স্কুলের গণিতের শিক্ষক মো. আমজাদ হোসেনের কাছে গণিত প্রাইভেট পড়তো। কিন্তু স¤প্রতি তারা গণিত পড়া বন্ধ রেখে একই স্কুলের আরেক শিক্ষক সালমা সুলতানার কাছে ইংরেজি পড়া শুরু করে। মঙ্গলবার সকালে স্কুলের কোয়ার্টারে ওই গণিত শিক্ষকের পাশের বাসায় ইংরেজি পড়তে যাচ্ছিলো এ চারজন। শিক্ষা কর্মকর্তা আরো বলেন, ওই সময় আমজাদ হোসেন তাদের বাসায় ডেকে নিয়ে দরজা আটকে মোটা লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করেন। এতে ফাহিমের ডান হাতের হাড় ভেঙ্গে যায়। অন্যরাও আহত হয়। ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে আজিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা, কালীগঞ্জ থানার ওসি মো. গোলাম কিবরিয়া দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও মো. ফজলে আজিম জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে আহত শিক্ষার্থীদের অভিভাবদের আইনগত সহায়তার জন্য অভিযোগ দায়েরের পরামর্শ এবং প্রধান শিক্ষককে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে গণিত শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫০ ঘ.