ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমাণ আদালতের রায়ের বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূতভাবে আপিলের শুনানি নেওয়ার ঘটনায় ঢাকার জেলা প্রশাসক মু. মুহিবুল হককে তলব করেছে ঢাকার জজ আদালত।
তার সঙ্গে তলব করা হয়েছে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (অধিগ্রহণ) জিল্লুর রহমান চৌধুরীকেও।
তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামানের মঙ্গলবার দেওয়া আদেশ অনুযায়ী মুহিবুল ও জিল্লুরকে বুধবার সকাল সাড়ে ১০টায় হাজির হতে হবে।
ওই আদালতের পেশকার মো. আশরাফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভ্রাম্যমাণ আদালত আইনের বিধান ভঙ্গ করে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (অধিগ্রহণ) একটি মামলার আপিল আবেদনের শুনানি নেওয়ায় তাকে এবং জেলা হাকিম মুহিবুল হককে দায়রা জজ আদেশ দিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে গত ২৯ জুন ঢাকার নির্বাহী হাকিম আনোয়ার পাশা তুরাগ এলাকার বাউনিয়ার পানি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের মালিক মাঈনউদ্দিন হোসেনকে ১ বছর ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।
এর বিরুদ্ধে মাঈনউদ্দিন আপিল আদেন করেন জেলা হাকিমের (জেলা প্রশাসক) কাছে।
আইন অনুযায়ী, ভ্রাম্যমাণ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি নিতে পারেন শুধু জেলা হাকিম এবং অতিরিক্ত জেলা হাকিম (এডিএম)।
তবে জেলা হাকিম আপিল আবেদনটি অতিরিক্ত জেলা প্রশাসক (অধিগ্রহণ) জিল্লুর রহমানের কাছে পাঠালে তিনি তার শুনানি নেন, যা আইনসম্মত হয়নি বলে দায়রা জজ আদালতের আদেশে বলা হয়।
এ বিষয়ে কারণ দর্শাতে দুই কর্মকর্তাকে জজ আদালত আদেশ দিয়েছিলো। তবে তাদের লিখিত বক্তব্যে সন্তষ্ট না হওয়ায় দুজনকে আদালতে হাজির হতে বলা হয়েছে বলে পেশকার আশরাফ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৯০৫ ঘ.
bdnews24