ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে আসার প্রেক্ষাপটে ঢাকার দুই সিটি কর্পোরেশনের গেজেট জারির ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে বলে মত দিয়েছেন একজন কমিশনার।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা হয়তো তফসিল ঘোষণা করে যেতে পারবো। কিন্তু নির্বাচন পরিচালনা করতে হবে পরের কমিশনকে। নতুন এসেই এ নির্বাচন পরিচালনা করতে গিয়ে কমিশন সমস্যায় পড়বে।”
এটিএম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্র“য়ারির দ্বিতীয় সপ্তাহে শেষ হচ্ছে। এর মাত্র আড়াই মাস আগে বিরোধী দলসহ বিভিন্ন মহলের প্রতিবাদের মধ্যে মঙ্গলবার ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার বিল জাতীয় সংসদে পাস হয়।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন (সংশোধন)-২০১১ অনুযায়ী, বর্তমান ঢাকা সিটি কর্পোরেশন ভেঙে ‘ঢাকা উত্তর’ ও ‘ঢাকা দক্ষিণ’ নামে আলাদা দুটি কর্পোরেশন হবে। প্রশাসক নিয়োগ করে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া হবে দুই কর্পোরশনে।
এই বিধান মেনে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে মন্তব্য করে সাখাওয়াত বলেন, “আইন প্রণয়নের কাজ মন্ত্রণালয়ের হলেও বিষয়টি চূড়ান্ত করার আগে ইসির মতামত নেওয়া উচিৎ ছিল।”
ইসির মতামত না নিয়েই ডিসিসিতে ৯০ দিনে নির্বাচন করার বিধান রাখায় কমিশন ‘বেকায়দায়’ পড়েছে মন্তব্য করে এই কমিশনার বলেন, “এক দিনে দুই কর্পোরেশনে নির্বাচন সম্ভব নয়। এই ভোটও দ্বিখণ্ডিতভাবে করতে হবে। যেহেতু একটু রাজনৈতিক সমস্যা রয়েছে, সেহেতু আমরা তো আগামী কমিশনকে আগুনে ফেলে যেতে পারি না।”
কমিশন এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলবে কি না জানতে চাইলে সাখাওয়াত বলেন, “বিলের কপি হাতে পেলে আমরা বসবো। অসুবিধার বিষয়গুলো সরকারকে জানানোর প্রয়োজন আছে কি না- আইন দেখেই তা ঠিক করা হবে।”
প্রধান বিরোধী দল বিএনপি ডিসিসি ভাগের প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যে আন্দোলনের ঘোষণা দিয়েছে। ডিসিসির কর্মচারীরা গত মঙ্গল ও বুধবার নগর ভবনে বিক্ষোভ সমাবেশ করেছে। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বুধবার হাইকোর্টে একটি রিট আবেদনও করেছেন।
তবে সরকার যুক্তি দিয়েছে, ক্রমবর্ধমান জনসংখ্যার এই শহরে নাগরিকদের সেবা নিশ্চিত করতেই দুটি কর্পোরেশন করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৫৫১ ঘ.
bdnews24