সুনামগঞ্জ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুর থানা হাজতে এক আসামির মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছে তার স্বজনরা।
বুধবার সকালে নিহত দীপলাল দাসের (৩৬) ময়নাতদন্ত চলাকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল চত্বর ও পুলিশ সুপারের বাস ভবনের সামনে তারা বিক্ষোভ করে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় থানা হাজতে মারা যান তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের নয়া বারুংকা গ্রামের দীপলাল।
স্বজনদের অভিযোগ পুলিশের পিটুনিতে দীপলালের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, দীপলাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের গলায় কোনো দাগ পাওয়া যায়নি।
এছাড়া বীর্জপাত হতে এবং বাম কান দিয়ে রক্ত বেরুতে দেখা গেছে বলে জানান তিনি।
পুলিশ সুপার গোলাম কিবরিয়া জানান, “সুরতহাল প্রতিবেদনে নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্টের আগে কিছু বলা যাচ্ছে না।”
দীপলালের ভাই রংলাল দাস অভিযোগ করেন, মঙ্গলবার বিকালে বাড়ি থেকে তার ভাইকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর মারতে মারতে তাকে থানায় নিয়ে যায়। রাত ৯টায় ফাঁস দিয়ে দীপলাল আত্মহত্যা করেছেন বলে জানানো হয়।
তবে তাহিরপুর থানার ওসি বজলে মাওলা জানান, মাদকের দুটি মামলায় দীপলাল দাসকে গ্রেপ্তার করে জেল হাজতে রাখা হয়। রাত সাড়ে ৮টায় খাবার দিতে গিয়ে বাথরুমের দরজায় শার্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭১৯ ঘ.
bdnews24