ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক ছাত্রনেতা আবদুর রউফ মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০ বছর।
পরিবারের সদস্যরা জানান, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদের এই নেতা দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।
মুক্তিযোদ্ধা রউফ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের হয়ে নীলফামারীর ডোমার-ডিমলা আসন থেকে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
রউফের জামাতা মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার জোহরের নামাজের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে গ্রামের বাড়ি ডোমারে তাকে দাফন করা হবে।
তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/আরআরডি/আরএ/১৪২৬ ঘ.
bdnews24