বরিশাল, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের চরমোনাইয়ে মাহফিল-ফেরত যাত্রীদের বহনকারী একটি ট্রলার ডুবে অন্তত একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমোনাইর ইউনিয়নে কীর্তনখোলা নদীর চরমোনাই লঞ্চঘাটে একটি লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ দুর্ঘটনায় কতোজন নিখোঁজ হয়েছে- তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।
কোতয়ালী মডেল থানার এসআই হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চরমোনাই পীরের মাহফিল শেষ করে ফেরা যাত্রীদের নিয়ে বরিশাল যাচ্ছিল ট্রলারটি। কিন্তু ঘাট ছাড়ার পরপরই মর্নিং সান নামের একটি লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়।
দুর্ঘটনার পরপরই ইয়াকুব (৬৫) নামে একজনের লাশ উদ্ধার করে ডুবুরিরা। তার বাড়ি মানিকগঞ্জে বলে জানান ওসি।
তিনি বলেন, “ট্রলারে মোট কতজন যাত্রী ছিল তা নিশ্চিত নয়। তবে ঘাটের লোকজন বলছে, ৩০ জনের মতো ট্রলারে উঠেছিল। ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১১৫০ ঘ.
bdnews24