চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ তদন্তের পর ২০ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার বিচার কার্যক্রম ফের শুরু হচ্ছে।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন জানান, ২০ জন সাক্ষীকে মঙ্গলবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৪ সালে অস্ত্র ও চোরাচালান আইনে করা দুটি মামলায় মোট ৫২ জনকে আসামি করা হয়েছে সম্পূরক অভিযোগপত্রে। এর মধ্যে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক দুই গোয়েন্দা প্রধানসহ নতুন ১১ আসামির বিরুদ্ধে গত ১৫ নভেম্বর অভিযোগ গঠন হয়।
ওই দিনই বিচারক ২৯ নভেম্বর থেকে সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছিলেন।
দুই মামলায় সাক্ষী করা হয়েছে ২৬৫ জনকে। এরমধ্যে ২০ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে মামলা দুটি দায়ের করে।
ওই বছর ২৫ অগাস্ট এ মামলা দুটিতে অভিযোগপত্র দেন তৎকালীন তদন্ত কর্মকর্তা। ২০০৫ সালের ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ৬ জুলাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তখন অস্ত্র মামলায় ২১ এবং চোরাচালান মামলায় ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল।
কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার সময়ে এর তদন্ত ঠিকভাবে না হওয়ার অভিযোগ ওঠে। কয়েকবার তদন্ত কর্মকর্তা বদলের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী গত ২৬ জুন সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেন।
এতে নিজামী, বাবর এবং এনএসআইয়ের সাবেক দুই প্রধানসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় আসে।
সম্পূরক অভিযোগপত্রভুক্ত নতুন আসামিরা হলেন- এনএসআইয়ের সাবেক প্রধান আবদুর রহিম ও রেজ্জাকুল হায়দার চৌধুরী, তৎকালীন মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সাবেক পরিচালক শাহাবুদ্দিন আহমেদ, সাবেক উপ-পরিচালক লিয়াকত হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার, সাবেক জিএম (প্রশাসন) কে এম এনামুল হক, সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন ও উলফা নেতা পরেশ বড়–য়া।
এদের মধ্যে শেষ দুজন পলাতক রয়েছেন।
এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে চার জন আসামি মারা গেলে তাদের নাম পরে মামলা থেকে বাদ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/০৯২০ ঘ.
bdnews24