২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: ফারুকের জবানবন্দি

নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হাজী ফারুক ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

নরসিংদী, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হাজী ফারুক ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বুধবার নরসিংদীর সিনিয়র বিচার বিভাগীয় হাকিম শিহাবুল ইসলাম তার আদালতে এই জবানবন্দি নেন বলে পুলিশ জানিয়েছে। এছাড়া এ মামলায় গ্রেপ্তার কাজী আলম, মাহফুজুর রহমান তাওয়াব ওরফে সবুজ ও শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে আদালত। নরসিংদী পুলিশ সুপার খ. মহিদ উদ্দিন সাংবাদিকদের জানান, “আমরা আইনের বিধান অনুযায়ী আসামি হাজী ফারুককে বুধবার আদালতে সোপর্দ করি। তিনি স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিয়েছেন।” “এ মামলার ১১ নম্বর আসামি আশরাফুল সরকারও আদালতে জাবানবন্দি দিয়েছেন। সেখানে তারা কী ধরনের জবানবন্দি দিয়েছেন তা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না। তবে এতে মামলার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে,” যোগ করেন তিনি। গত ১ নভেম্বর নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন দলটির শহর কমিটির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা করেন নিহতের ছোট ভাই কামরুজ্জামান। বুধবার বেলা ১২টায় কঠোর নিরাপত্তার মধ্যে গোয়েন্দা পুলিশ হাজী ফারুককে আদালতে হাজির করা হয়। জবানবন্দি গ্রহণ শেষে বিকাল সাড়ে ৪টায় তাকে নরসিংদী জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনজন রিমান্ডে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মামুনুর রশীদ মণ্ডল জানান, সকালে কাজী আলম, মাহফুজুর রহমান তাওয়াব ওরফে সবুজ ও শাহিনকে মুখ্য বিচার বিভাগীয় হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে কাজী আলমকে আটদিন এবং মাহফুজ ও শাহিনকে চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। সোমবার শহরের সাটিরপাড়া এলাকা থেকে কাজী আলমকে গ্রেপ্তার করা হয়। আলম লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন মোবার ছোট বোন জামাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৪২ ঘ.