২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের টিকেট আপগ্রেড কেন অবৈধ নয়: হাইকোর্ট

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স না মেনে একটি বিশেষ ক্রমে থাকা ব্যক্তিদের বিমানের টিকেট আপগ্রেডের সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 06:15 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ারেন্ট অব প্রিসিডেন্স না মেনে একটি বিশেষ ক্রমে থাকা ব্যক্তিদের বিমানের টিকেট আপগ্রেডের সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে বেসামরিক বিমান সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ ছয়জনকে এই রুলের জবাব দিতে বলেছে আদালত। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সকালে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী এই রিট আবেদন দায়ের করেন। রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের মার্চে বাংলাদেশ বিমান পরিচালনা পরিষদের এক সভায় আপগ্রেডেশন নিয়ে একটি সিদ্ধান্ত হয়। এতে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসরণ না করে ১৩ নম্বর ক্রমে থাকা ব্যক্তিদের টিকেট বিনা খরচে ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করার কথা বলা হয়। ১৩ নম্বরে সংসদ সদস্যরা রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “ওই সিদ্ধান্তে ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে এগিয়ে থাকা প্রধান বিচারপতিসহ অন্য সাংবিধানিক পদাধিকারীদের বিষয়ে কিছু বলা হয়নি। তার মানে তাদেরটা আপগ্রেড করা হবে না।” এছাড়া পাইলটদের আত্মীয়-স্বজনদের টিকেটও আপগ্রেড করে দেওয়ার ঘটনা অহরহ ঘটছে বলে এই আইনজীবী দাবি করেন। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন পদের মর্যাদাক্রমের বিন্যাস নির্ধারিত হয়। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো ও আসনবিন্যাস এবং ভিআইপিসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদাধিকারীদের বিমানবন্দরে বিদায় বা স্বাগত জানানোর সময় কে বা কারা উপস্থিত থাকবেন তাও নির্ধারিত হয় এর মাধ্যমে। আদালত বেসামরিক বিমান সচিব ও বিমানের ব্যবস্থাপনা পরিচালকের প্রতি দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশে গত তিন বছর কাদের টিকেট আপগ্রেড করা হয়েছে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে। এছাড়া কার সুপারিশে তা করা হয়েছে তাও জানাতে নির্দেশ দিয়েছে। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসরণ না করে বর্তমান পদ্ধতির আপগ্রেডেশনের ওপর নিষেধাজ্ঞাও জারি করে আদালত। নির্দেশে বলা হয়, আদালতের এই নির্দেশ বাস্তবায়ন না করলে বিমানের ব্যবস্থাপনা পরিচালককে জবাবদিহির জন্য ডাকা হবে। আদালতের এই নির্দেশনা বাস্তবায়নের একটি অগ্রগতি প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/ডিডি/পিডি/০০০৯ ঘ.