ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ প্রকল্প নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনার জন্য উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে বিএনপিকে আমন্ত্রণ জানানোর ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
ভারতে প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাবে নয়া দিল্লির কাছ থেকে সম্মতি পাওয়ার পর সোমবার এ ইঙ্গিত দেন তিনি।
টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারতের কয়েকটি রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানের সঙ্গে মণিপুর রাজ্য সরকারের চুক্তির খবর প্রকাশের পর তা নিয়ে সারাদেশে ব্যাপক হৈ চৈয়ের মুখে গত ২৩ নভেম্বর ভারতে প্রতিনিধি দল পাঠানোর সম্মতি চেয়ে নয়া দিল্লির কাছে চিঠি পাঠায় ঢাকা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে নয়া দিল্লির কাছ থেকে পাঠানো চিঠি রোববার সন্ধ্যায় তারা হাতে পেয়েছেন।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে সফররত জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দীপু মনি।
তিনি জানান, প্রধানমন্ত্রীর পরামর্শে প্রতিনিধি দলের সফর সূচি ও সদস্য চূড়ান্ত করা হবে।
ভারতের আমন্ত্রণে ২০০৯ সালের জুলাইয়ে নয়া দিল্লি সফরকারী ১০ সদস্যের প্রতিনিধি দলের বিষয়ে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আগের সফরে অংশ নিতে আমরা তাদের (বিএনপি) আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তারা অংশ নেয়নি।”
এবারের প্রতিনিধি দলে অংশ নিতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে কি না- এ প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, “এবার দেখা যাক।”
নয়া দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে জাতীয় স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অবস্থান নিয়ে বিরোধী দল প্রশ্ন তুলে আসায় টিপাইমুখ প্রকল্প বাংলাদেশে একটি প্রধান রাজনৈতিক ইসুতে পরিণত হয়েছে।
ইতোমধ্যে টিপাইমুখ প্রকল্প নিয়ে একটি যৌথ জরিপ চেয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছেন বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়া। নয়া দিল্লি শনিবার সে চিঠির উত্তরও পাঠিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে বলা হলেও এখনো তা প্রকাশ করা হয়নি।
এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, প্রতিনিধি দলের নয়া দিল্লি সফরে তারা যৌথ জরিপের ওপর জোর দেবেন।
“আমরা এ প্রকল্পের ওপর জরিপ চাই। একই সঙ্গে আমরা আরো তথ্য চাই।”
এর আগে ২৪ নভেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিগগিরই জরিপ হবে বলে তারা আশাবাদী।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের চুরাচাঁদপুরে বরাক নদীর ওপর বহুমুখী প্রকল্প হিসেবে টিপাইমুখ প্রকল্প নেওয়া হয়েছে।
টিপাইমুখে ১৫০০ মেগাওয়াটের একটি জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে গত ২২ অক্টোবর ভারতের রাষ্ট্রায়ত্ত্ব জলবিদ্যুৎ নির্মাণ প্রতিষ্ঠান এনএইচপিসি লিমিটেড ও সাতলুজ জল বিদ্যুৎ নিগম লিমিটেডের (এসজেভিএন) সঙ্গে একটি যৌথ বিনিয়োগ চুক্তি করে মণিপুর রাজ্য সরকার।
ভারত সরকারের মন্ত্রিপরিষদের অর্থনীতি বিষয়ক কমিটির অনুমোদনের পর সাড়ে সাত বছরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।
বাংলাদেশ ও ভারতের অনেক পরিবেশবিদ এ প্রকল্পের বিরোধিতা করে আসছেন। তাদের মতে, টিপাইমুখে বাঁধ হলে তা বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদীতে পানির প্রবাহ কমিয়ে দেবে।
বরাক নদী বাংলাদেশে ঢুকে সুরমা ও কুশিয়ারা নামে দুটি স্রোতধারায় বয়ে গেছে। এ দুটি স্রোতধারা আবার ভৈরবে মিলিত হয়ে মেঘনা নদীতে পরিণত হয়েছে যা চাঁদপুরে পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়ে নোয়াখালী হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/২৩৫৮ ঘ.
bdnews24