গাইবান্ধা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় দু’টি পৃথক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন।
সোমবার সন্ধ্যায় পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে মাঠেরহাট এবং বিকালে ঢাকা-রংপুর মহাসড়কে বেয়ালিয়া হেলিপ্যাড এলাকায় এ দু’টি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আহসান হাবীব বকুল (৪৫) ও রুদ্ধনগর গ্রামের ইসমাইল হোসেন (৩৮) এবং অজ্ঞাত পরিচয় (৪০) এক মহিলা।
আহতদের পলাশাবাড়ী ও গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি মতিউর রহমান জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাইবান্ধা থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাক্টরের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক মহিলা নিহত হন।
পুলিশ বাস ও ট্রাক্টরটি আাটক করেছে। চালক ও সহকারীরা পালিয়ে গেছে।
এদিকে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, আহসান হাবীব বকুল ও ইসমাইল হোসেন মোটরসাইকেলে ফুটানীর বাজার থেকে কালিতলা যাচ্ছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে আহসান হাবীব মারা যান।
রগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইসমাইল হোসেনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২১ ঘ.
bdnews24