২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা সংশোধন বিলের প্রতিবেদন সংসদে

উপজেলায় দায়িত্ব পালনরত কর্মকর্তাদের বার্ষিক কার্যক্রম প্রতিবেদন (এপিআর) দেওয়ার ক্ষমতা চেয়ারম্যানকে দেওয়ার সুপারিশ করে উপজেলা পরিষদ (সংশোধন) বিলের প্রতিবেদন উপস্থাপন করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলায় দায়িত্ব পালনরত কর্মকর্তাদের বার্ষিক কার্যক্রম প্রতিবেদন (এপিআর) দেওয়ার ক্ষমতা চেয়ারম্যানকে দেওয়ার সুপারিশ করে উপজেলা পরিষদ (সংশোধন) বিলের প্রতিবেদন উপস্থাপন করেছে সংসদীয় কমিটি। বিলে উপজেলা পরিষদের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের বিধান বহাল রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদকে সাচিবিক সহায়তা দেবে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সদস্য নূর-ই আলম চৌধুরী। সংশোধিত বিলটি পাস হলে উপজেলা চেয়ারম্যানরা পরিষদের অধিক্ষেত্রে ভূমি সংক্রান্ত বিষয়াদি ছাড়া অন্য সব সরকারি কাজে একক নির্বাহী কর্তৃত্ব প্রয়োগ করতে পারবেন। আগের হস্তান্তরিত ১৩ মন্ত্রণালয় ছাড়াও মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় বিভাগ, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্থানীয় কাজের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান করতে পারবেন। আগে যেসব মন্ত্রণালয় ও বিভাগ উপজেলার কাছে হস্তান্তর করা আছে সেগুলো হলো- প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজ কল্যাণ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন ইত্যাদি। সংশোধিত আইনে এসব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের বার্ষিক কাজের মূল্যায়ন প্রতিবেদন উপজেলা চেয়ারম্যানরা দেবেন, যা চাকরির বার্ষিক গোপনীয় প্রতিবেদনের (এসিআর) অংশ বলে গণ্য হবে। তবে ইউএনওসহ সব কর্মকর্তার এসিআর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা দেবেন। উপজেলা চেয়ারম্যানকে ক্ষমতাচ্যুত করতে হলে এখন পরিষদের চার পঞ্চমাংশ সদস্যের সমর্থনে অনাস্থা প্রস্তাব অনুমোদন করতে হবে। এই প্রস্তাব বিভাগীয় কমিশনারের এখতিয়ারে নিষ্পত্তি হবে। আগে জেলা প্রশাসকের কাছে এই ক্ষমতা দেওয়া ছিল। এছাড়া কোনো ফৌজদারি অভিযোগ উত্থাপিত হলেই চেয়ারম্যানকে পদ থেকে অপসারণ করা যাবে না। যতক্ষণ না কোনো আদালত কর্তৃক অভিযোগ আমলে নেওয়া হবে ততক্ষণ কোনো চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। গত বছর ৬ ডিসেম্বর উপজেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১০ সংসদে উপস্থাপন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ হাওলাদার বিলের বিষয়ে সাংবাদিকদের বলেন, সরকারের উদ্যোগ ইতিবাচক। এখন বাস্তবায়নের ওপর নির্ভর করছে সবকিছু। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, উপজেলা চেয়ারম্যানদের প্রায় সব দাবিই সমন্বয় করার চেষ্টা করা হয়েছে সংশোধনীতে। যদি আরো কিছু প্রয়োজন হয় তবে তা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১১৮ ঘ.