ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এক সদস্য বলেছেন, আব্দুল আলীমের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় সংস্থার সদস্য এবং তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক জেএম আলতাফুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।
জিয়াউর রহমান আমলের মন্ত্রী আলীমের ছেলের বনানীর বাসায় গিয়ে তদন্ত সংস্থার চার সদস্য সোমবার এক ঘণ্টা বিরতি দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ করে।
আলতাফুর বলেন, “আলীমকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে অনেক সাক্ষ্য প্রমাণ পেয়েছে সংস্থা।”
’৭১-এর মানবতাবিরোধী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “সে সময় ঘরবাড়ি পোড়ানো, মানুষ হত্যার কথা যেগুলো আব্দুল আলীম দেখেছেন এবং শুনেছেন সেগুলোই তিনি বলেছেন।”
তাকে জিজ্ঞাসাবাদের সময় তার আইনজীবী ও চিকিৎসক উপস্থিত ছিল বলে জানান তদন্ত কর্মকর্তা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা আব্দুল আলীমের স্বীকার করা না করার বিষয় নয়। জয়পুরহাট, নওগাঁ গিয়ে তার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমান সংস্থা পেয়েছে।”
সংস্থার অন্যতম সদস্য সহকারী পুলিশ সুপার মো. নুরুল ইসলাম বলেন, প্রয়োজনে তাকে আবার জিজ্ঞাসবাদ করা হবে।
আব্দুল আলীমের আইনজীবী মুন্সি আহসান কবির সাংবাদিকদের বলেন, “জিজ্ঞসাবাদের জবাব তিনি স্বচ্ছন্দে দিয়েছেন। তবে তিনি খুবই অসুস্থ।”
যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর আরো শীর্ষ ছয় নেতা আটক রয়েছেন।
গত ২৭ মার্চ আলীমকে তার জয়পুরহাটের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২০৪৯ ঘ.
bdnews24