২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাই ট্রাজেডি: মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

মিরসরাইয়ে ট্রাক উল্টে ৪৫ ছাত্রের মৃত্যুর মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বুধবার যুক্তি-তর্ক শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে ট্রাক উল্টে ৪৫ ছাত্রের মৃত্যুর মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বুধবার যুক্তি-তর্ক শুনানি হবে। সোমবার চট্টগ্রাম জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমীন মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে এ তারিখ নির্ধারণ করেন। চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষ্য গ্রহণের শেষ দিনে মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) অং শা থোয়াইয়ের সাক্ষ্য নেওয়া হয়। তিনি বলেন, মামলায় অভিযোগপত্রভুক্ত ২৯ জনসহ মোট ৩৬ জনের সাক্ষী নেওয়া হয়েছে। যুক্তি-তর্ক শুনানি শেষে বিচারক রায়ের দিন ঠিক করবেন। এ বছরের ১১ জুলাই মিরসরাইয়ের বড়তাকিয়া-আবু তোরাব বাজার সংযোগ সড়কে স্কুল ছাত্র বোঝাই একটি ট্রাক উল্টে ডোবায় পড়ে ৪৪ স্কুল শিক্ষার্থী মারা যায়। সর্বশেষ ২৪ নভেম্বর ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়ন শীল নামে আরো এক ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় মায়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী বাদি হয়ে ট্রাক চালক মফিজ উদ্দিনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা করেন। মফিজকে অভিযুক্ত করে ২৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য গ্রহণের সময় মফিজকে আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৯০৫ ঘ.