বেনাপোল, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের ঝিকরগাছা উপজেলায় একটি খুনের মামলার প্রধান আসামিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, সোমবার সকালে কাউরিয়া গ্রামের একটি মাঠে তার লাশ পাওয়া যায়। রোববার রাতে তাকে হত্যা করা হয়।
নিহত আব্দুল গফফার (৩৮) উপজেলার গাবুরাপুর গ্রামের মোতালেব সর্দারের ছেলে এবং নিশ্চিন্তপুর গ্রামের রবিউল হত্যা মামলার প্রধান আসামি।
ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর শরীফ সাংবাদিকদের জানান, সকালে মাঠের একটি পেঁপে বাগানে লাশটি পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়।
গফফারের চোখের কোণে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, গত ৮ নভেম্বর অপহরণের পর খুন হন নিশ্চিন্তপুর গ্রামের বাবর আলির ছেলে রবিউল। সেই হত্যা মামলার প্রধান আসামি গাফফার। এলাকায় গাফফারের একটি সংগঠিত বাহিনী রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭০০ ঘ.
bdnews24