২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি ট্রফি পাচ্ছে ৪৫ প্রতিষ্ঠান

বাণিজ্য ক্ষেত্রে অবদানের জন্য মনোনীত ৪৫টি প্রতিষ্ঠানের কর্ণধারদের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য ক্ষেত্রে অবদানের জন্য মনোনীত ৪৫টি প্রতিষ্ঠানের কর্ণধারদের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ট্রফি বিতরণ করা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বছর ১৬টি প্রতিষ্ঠান স্বর্ণ, ১৮ প্রতিষ্ঠান রৌপ্য ও ১১ প্রতিষ্ঠান ব্রোঞ্জ পদক পাচ্ছে। সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য এবার স্বর্ণ পদক পাচ্ছে জাবের অ্যান্ড যোবায়ের ফেব্রিক্স লিমিটেড। জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা অনুযায়ী, ২৫টি পণ্য খাতের প্রতিটিতে তিনটি করে (স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ) জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয়। যে সব পণ্য খাতে ট্রফি দেওয়া হয়, সেগুলো হলো- তৈরী পোশাক, নিটওয়্যার, সব ধরনের সুতা, টেক্সটাইল ফেব্রিক্স, হোম ও স্পেশালাইজড টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চামড়া, চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, চা, কৃষিজ পণ্য, এগ্রোপ্রসেসিং পণ্য, ফুল-ফলিয়েজ, হস্ত শিল্পজাত পণ্য, মেলামাইন/প্লাস্টিকজাত পণ্য, সিরামিক সামগ্রী, রাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য, অন্যান্য শিল্পজাত পণ্য, ওষুধজাত পণ্য, অন্যান্য রাসায়নিক পণ্য, কম্পিউটার সফটওয়্যার ও বিবিধ পণ্য। এ বছর ২৫টি পণ্য খাতের মধ্যে ২১টিতে ট্রফি দেওয়া হচ্ছে। এর মধ্যে স্বর্ণ পদক দেওয়া হচ্ছে ১৫টি পণ্য খাতে। আর ১৮টি খাতে রৌপ্য এবং ১১টি খাতে ব্রোঞ্জ ট্রফি দেওয়া হচ্ছে। কোনো প্রতিষ্ঠানই প্রয়োজনীয় সূচক অর্জন না করায় বাকি খাতগুলোতে এ বছর পদক দেওয়া হচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/জেকে/০৯০৪ ঘ.