ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন জার্মানির প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফ।
সোমবার দুপুর ১টায় বিশেষ একটি বিমানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফরের এক মাসের মাথায় ভুল্ফ ঢাকা এলেন। তিনি হলেন বাংলাদেশ সফরকারী দ্বিতীয় জার্মান প্রেসিডেন্ট।
এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক অংশীদার জার্মানির সাবেক প্রেসিডেন্ট ফন ভাইসুকার বাংলাদেশ সফর করেছিলেন।
মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ভুল্ফের। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গেও তার বৈঠক হবে।
একইদিন রাজধানীর গ্যেয়টে ইনস্টিটিউটে সুশীল সমাজ ও ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বক্তব্য দেবেন তিনি।
ইউরোপের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর অন্যতম জার্মানির সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দেশটিতে বছরে একশ’ কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ।
এছাড়া বাংলাদেশের অবকাঠামো উন্নয়নসহ আর্থ-সামাজিক উন্নয়নে জার্মানি সহায়তা দিয়ে আসছে।
গত অক্টোবরে জার্মানি সফর করে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএ/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24