২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাদেরকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের পর নির্যাতন’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতন চালানো হয় বলে বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতন চালানো হয় বলে বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে। হাইকোর্টের নির্দেশে গত জুলাই মাসে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশীষ রঞ্জন দাসের নেতৃত্বে এ বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়। আশীষ বর্তমানে আইন সচিবের দায়িত্ব পালন করছেন। তদন্ত কমিটির প্রতিবেদন সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে উপস্থাপন করেন ওই আদালতে সরকারি আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। প্রতিবেদনে বলা হয়, কাদেরকে সন্দেহবশত আটক করা হয় এবং দুর্বৃত্তের মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো এবং নির্যাতন চালানো হয়। শুনানিতে আলতাফ বলেন, “এ বিষয়ে পুলিশও তদন্ত করেছে। সেই প্রতিবেদন এখনো আমরা হাতে পাইনি। তাই শুনানি মুলতবি করে ওই প্রতিবেদন পাওয়ার পর আদেশ দিলে ভালো হবে। এজন্য এক সপ্তাহ সময় প্রয়োজন।” আদালত পরে সোমবার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করে। গত ১৫ জুলাই খিলগাঁও বিশ্বরোড এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের ছাত্র কাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ দাবি করে। তবে কাদেরের দাবি, তাকে সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, ছিনতাইয়ের প্রস্তুতির সময় কাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে আসছে, এ গ্রেপ্তার হয়রানিমূলক। তদন্ত কমিটি বলেছে, আব্দুল কাদেরের বক্তব্য ও পরিচয় বিষয়ে কোনরূপ অনুসন্ধান না করেই সম্পূর্ণ মনগড়াভাবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। “ওই কার্যক্রমে দয়িত্বের প্রতি পুলিশের চরম অবহেলা, স্বেচ্ছাচারিতা ও অন্যায়ভাবে এক জনকে মিথ্যা মামলায় জড়ানোর প্রবণতা পরিলক্ষিত হয়েছে।” ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে চারটি সুপারিশও করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সুপারিশগুলো হচ্ছে- কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের সময় অপরাধের সঙ্গে তার সংশি¬ষ্টতার বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনে পুলিশের প্রতি নির্দেশনা জারি করা। কোনো ব্যক্তিকে পুলিশ হেফাজতে নির্যাতন না করার বিষয়ে উচ্চ আদালতসহ প্রচলিত আইনের নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য পুলিশের উচ্চ পর্যায় থেকে আদেশ জারি করা। কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের আগে ওই ঘটনায় তিনি আদৌ জড়িত কি-না, সে বিষয়ে প্রাথমিক প্রমাণের বিষয়ে নিশ্চিত হওয়া। পুলিশ কর্তৃক মামলা দায়েরে অবশ্যই সত্য ঘটনাকে অবলম্বন করেই করতে হবে। কোনো পরিস্থিতিতেই সত্য ঘটনাকে আড়াল করে মিথ্যা বক্তব্য সাজিয়ে কেউ যাতে মামলা করতে না পারে, সে বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক কঠোর নির্দেশনা জারি করা। ব্যারিস্টার আলতাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আদালতে প্রতিবেদন উপস্থাপন করেছি। দুপুরের পর আবার শুনানি হবে।” গ্রেপ্তারের পর কাদেরের ওপর পুলিশি নির্যাতন এবং তার বিরুদ্ধে ভুয়া মামলার অভিযোগ আনে তার পরিবার। বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনে নালিশও জানান তার মা মনোয়ারা বেগম। কাদেরের বাবা আব্দুল রউফ কুমিল¬ার দেবীদ্বার থানার শিক্ষা কর্মকর্তা। কাদেরর বিষয়টি আদালতের গোচরে এলে এর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৮৩৩ ঘ.