২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় হাত-পা বাঁধা দুই যুবকের লাশ

আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 04:57 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

সাভার, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই যুবককেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ডিইপিজেডের নতুন জোনের সামনে ঢাকা-টাঙ্গাইল সড়কের পশ্চিম পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) লাশ উদ্ধার করা হয়। তাকে কপালে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া সকাল ৯টার দিকে ঘোষবাগ এলাকায় একই সড়কের পাশ থেকে মাথায় গুলিবিদ্ধ ৩৯ বছর বয়সী আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়। দুটি লাশই হাত-পা বাঁধা অবস্থায় ছিলো বলে জানান তিনি। এসআই জাহিদ বলেন, “আমাদের ধারণা অন্য কোথাও হত্যার পর গাড়ি থেকে লাশ দুটি ফেলা হয়েছে। তাছাড়া দুজনই একে অপরের পরিচিত হতে পারেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১০৫৫ ঘ.