২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু শুরু এ মেয়াদে: আবুল হোসেন

দুর্নীতির অভিযোগে অর্থায়ন স্থগিত রাখা বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনায় শিগগির বিষয়টি নিষ্পত্তি হবে বলেও মনে করেন যোগাযোগমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেছেন, এ সরকারের মেয়াদে সেতুর কাজ হবে। রোববার সংসদে সংরক্ষিত নারী আসনের সাংসদ নূর-ই হাসনা লিলি চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, “শিগগির বিষয়টি নিষ্পত্তি শেষে টেন্ডার প্রক্রিয়া চূড়ান্ত করে এ সরকারের মেয়াদে কাজ শুরু হবে।” প্রাক-যোগ্যতা মূল্যায়ন প্রতিবেদনের ওপর সর্বশেষ গত ১ জুলাই বিশ্ব ব্যাংকের সম্মতি পাওয়া গেছে জানিয়ে মন্ত্রী বলেন, তবে দরপত্র নথি বিষয়ে এখনো সম্মতি পাওয়া যায়নি। ২৯০ কোটি ডলার ব্যয়ের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক সর্বোচ্চ ঋণ সহায়তা হিসেবে ১২০ কোটি ডলার দেওয়ার কথা থাকলেও প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্ব ব্যাংক এতে অর্থায়ন স্থগিত করেছে। এ জটিলতা দ্রুত অবসান হবে বলে আশাবাদী সরকার। তবে বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন গত ১৬ নভেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতারাতি এ সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য সময় প্রয়োজন।” সাংসদ লিলি রোববার মন্ত্রীর কাছে জানতে চান, দেশের বহুল আলোচিত পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে সরকারের বর্তমান পদক্ষেপ কী। এবং বর্তমান সরকারের আমলে কাজ শুরু করা সম্ভব হবে কি না। জবাবে যোগাযোগমন্ত্রী জটিলতা নিরসনে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা এবং এ সরকারের মেয়াদে কাজ শুরুর আশার কথা জানান। তিনি বলেন, “বিশ্ব ব্যাংক প্রকল্পের অর্থায়নকারী সংস্থাগুলোর প্রধান সমন্বয়ক। প্রাক-দরপত্র আহ্বান, প্রাক-যোগত্য যাচাই, ঠিকাদার নির্বাচন ইত্যাদি বিষয়ে বিশ্ব ব্যাংকের সম্মতির জন্য পাঠাতে হয়।” মন্ত্রী আবুল হোসেন বলেন, যে কোনো সিদ্ধান্তের জন্য বিশ্ব ব্যাংকের নিজস্ব অফিসিয়াল পদ্ধতি রয়েছে। যে কোনো প্রকার অভিযোগ সেটা বেনামি বা ভিত্তিহীন হলেও বিশ্ব ব্যাংকে তা তদন্তের নিয়ম রয়েছে। “পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিষয়ে কেউ হয়ত বিশ্ব ব্যাংকের কাছে অভিযোগ করেছে, এর পরিপ্রেক্ষিতে এ সংস্থা তদন্ত করছে। তাছাড়া বাংলাদেশ সরকারও তদন্ত করছে। বিশ্ব ব্যাংকের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।”- যোগ করেন যোগাযোগমন্ত্রী। বিশ্ব ব্যাংক প্রয়োজনে এ প্রকল্পে আরো ৩০ কোটি ডলার ঋণ দেবে বলে জানান তিনি। পদ্মা সেতু নির্মাণ কাজ পর্যবেক্ষণের জন্য পরামর্শক নিয়োগের ক্ষেত্রে কানাডার এক কোম্পানি নীতিবহির্ভূত কাজ করেছে বলে বিশ্ব ব্যাংকের তদন্তে উঠে এসেছে, যা কানাডা সরকার তদন্ত করছে। এর পরপরই বিশ্বব্যাংক বাংলাদেশের এ পর্যন্ত বৃহত্তম এ নির্মাণ প্রকল্পে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত নেয়। পদ্মা সেতু প্রকল্পে জটিলতা দেখা দিলে গত ২০ অক্টোবর এক প্রেসনোটে পরিস্থিতি ব্যাখ্যা করে সরকার। এতে বলা হয়, প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এ প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত সরকার যথাযথ বলে মনে করছে না। সংস্থাটিকে তাদের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্বও দিয়েছে সরকার। এতে বিশ্বব্যাংকের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের মূল অর্থায়নের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে। বাকি অর্থ দেবে সরকার। পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিতের জন্য সরকারের ‘দুর্নীতিকে’ দায়ী করে বক্তব্য দিয়ে আসছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এর পাল্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি আমলে যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির জন্য পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৪৪ ঘ.