ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংকাপন্ন রোগীদের ক্ষেত্রে পদ্ধতিগত জটিলতা এড়িয়ে দ্রুত চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে প্রয়াত শিক্ষক অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তীর পরিবারকে ল্যাব এইড হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা দিতে বলা হয়েছে।
রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ ল্যাব এইডের প্রতি দেওয়া একটি রুলের শুনানি শেষে এই আদেশ দেয়।
গত ১৫ অগাস্ট ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৃদুল কান্তি। দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হলে পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ মৃদুলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দেয়।
গত ১৭ অগাস্ট জারি করা ওই রুলের শুনানি শেষে আদেশে আদালত জরুরি রোগীদের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা শুরু করতে সরকারি-বেসরকারি সব হাসপাতালের প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ জারি করতে বলেছে। কেউ চিকিৎসায় অবহেলা করলে তার বিরুদ্ধে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া চিকিৎসায় অবহেলার বিষয়টি তদারকি করতে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়ে আগামী মার্চ মাসের মধ্যে এ বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত।
শুনানি শেষে আদালত বলেছে, “এই মামলাটিকে আমরা কন্টিনিউয়িং মেন্ডামাস (চলমান) হিসাবে রেখে দেবো।”
মৃদুল কান্তির মৃত্যুর পরে হিউম্যান রাইট অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি মানবাধিকার সংগঠন ল্যাব এইড হাসপাতালের বিরুদ্ধে একটি রিট আবেদন করেন। তাতে মৃদুল কান্তির চিকিৎসায় অবহেলার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়।
ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল দেওয়ার পাশাপাশি ল্যাব এইড হাসপাতালের শীর্ষ কর্মকর্তাদের আদালতে তলব করে। এর পরদিন ১৮ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ মৃদুল কান্তির পরিবারকে ৫০ লাখ টাকা দেয়।
ডায়রিয়ায় আক্রান্ত মৃদুল কান্তিকে ল্যাব এইড হাসপাতালে নেওয়ার পর ১৫ অগাস্ট মারা যান। পরে মৃদুলের পরিবারের পক্ষ থেকে ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে তার চিকিৎসায় অবহেলার অভিযোগ আনা হয়।
আদালতে ল্যাব এইডের পক্ষে অ্যাডভোকেট আনিসুল হক, ইউসুফ হোসেন হুমায়ুন এবং রিটের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/এএল/২০০৭ ঘ.
bdnews24