২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ১৪ বাসে ডাকাতি, এসআই প্রত্যাহার

রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ১৪টি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে এক পুলিশ উপ-পরিদর্শককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

রাজশাহী, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ১৪টি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে এক পুলিশ উপ-পরিদর্শককে। গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম জানান, রোববার ভোররাতে উপজেলার লালিদিঘী এলাকায় রাস্তায় গাছের গুড়ি ফেলেক্ষাস আটকে লুটপাট চালায় একদল ডাকাত। ডাকাতির শিকার ন্যাশনাল পরিবহনের সুপারভাইজার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ফোন, গহনাসহ অন্যান্য মালামাল লুটে নেয়। কমপক্ষে ১৪টি বাসে ডাকাতি করে তারা। যাত্রীরা অভিযোগ করেন, ডাকাতির সময় গোদাগাড়ী থানায় বারবার ফোন করা হলেও কেউ তাতে সাড়া দেয়নি। এর প্রায় এক ঘণ্টা পর গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান বলে মনিরুল জানান। এ বিষয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি আত্মহত্যার ঘটনা তদন্তের জন্য অন্য এলাকায় যাওয়ায় তাদের পৌঁছাতে দেরি হয়। “আমরা ডাকাতিতে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি। যাত্রীদের কেউ এখন পর্যন্ত মামলা করেননি। তারা কেউ না করলে পুলিশই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।” পুলিশ সুপার এসএম রোকন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালামকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের একাধিক দল অপরাধীদের ধরতে মাঠে নেমেছে জানিয়ে তিনি বলেন, “শিগগিরই জড়িতদের সনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছি আমরা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৯২৬ ঘ.