ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহায়তা করবে তার দেশ।
রোববার পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের সঙ্গে এক বৈঠকের পর এ কথা বলেন তিনি।
মজিনা বলেন, “যুক্তরাষ্ট্র শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করে আসছে এবং এক্ষেত্রে তারা সহায়তা অব্যাহত রাখবে।”
বৃহস্পতিবার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র তুলে ধরার মাধ্যমে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন মজিনা। দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র সচিবের সঙ্গে এটাই তার প্রথম বৈঠক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/১৮৫৯ ঘ.
bdnews24