ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফরের এক মাসের মাথায় দেশটির প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফ তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন।
সোমবার সফর শুরু করতে যাওয়া ভুল্ফ হবেন বাংলাদেশ সফরকারী দ্বিতীয় জার্মান প্রেসিডেন্ট।
এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক অংশীদার জার্মানির সাবেক প্রেসিডেন্ট ফন ভাইসুকার বাংলাদেশ সফর করেন।
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে গত ২২ অক্টোবর পাঁচ দিনের জন্য জার্মানি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফর সূচি অনুযায়ী, একটি বিশেষ বিমানে সোমবার বিকালে ঢাকা পৌঁছাবেন প্রেসিডেন্ট ভুল্ফ। রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানোর কথা রয়েছে।
মঙ্গলবার দুই প্রেসিডেন্টের বৈঠকে বসার কথা রয়েছে। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গেও সাক্ষাৎ করবেন জার্মান প্রেসিডেন্ট।
মঙ্গলবার রাজধানীর গ্যেয়টে ইনস্টিটিউটে সুশীল সমাজ ও ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বক্তব্য দেবেন তিনি।
ইউরোপের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর অন্যতম জার্মানির সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দেশটিতে বছরে একশ’ কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ।
এছাড়া বাংলাদেশের অবকাঠামো উন্নয়নসহ আর্থ-সামাজিক উন্নয়নে জার্মানি সহায়তা দিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/১৯২৩ ঘ.
bdnews24