ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার এবং সেনা মোতায়েন না করার পক্ষে যুক্তি তুলে ধরে প্রধান বিরোধী দল বিএনপির চিঠির জবাব পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পত্রবাহকের মাধ্যমে চিঠির জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে।”
চিঠিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দলটিকে সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লায় ভোট হবে আগামী ৫ জানুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা জানিয়েছেন, এ নির্বাচনে সব ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে। তবে সেনা মোতায়েন করা হবে না।
এ দুটি বিষয়ে আপত্তি জানিয়ে গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চিঠিতে ফখরুল বলেন, সবার অংশগ্রহণে অর্থবহ নির্বাচন নিশ্চিত করার স্বার্থে কুমিল্লায় সেনাবাহিনী নিয়োগ ও ইভিএম ব্যবহার না করার সুস্পষ্ট ঘোষণা চায় দলটি।
তা না হলে নির্বাচন বর্জন করার ইঙ্গিত দিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ নির্বাচন বর্জন করলে তার দায়ভার ইসিকে বহন করতে হবে।
জবাবে ইসির চিঠিতে বলা হয়েছে, ভোট প্রক্রিয়া সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে ইসি সংলাপের সময় ইভিএম ব্যবহারে রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের মত নেয়। এতে প্রাথমিকভাবে স্থানীয় পর্যায়ে ইভিএম ব্যবহারের মতামত আসে। এ লক্ষ্যে ইভিএম দিয়ে চট্টগ্রামে প্রথমবারের মতো একটি ওয়ার্ডে এবং নারায়ণগঞ্জে ৯টি ওয়ার্ডে ভোট নেয় ইসি।
নির্বাচনে ভোটাররা অত্যন্ত সাবলীলভাবে ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট দেয় উল্লেখ করে ইসির চিঠিতে বলা হয়েছে, প্রিজাইডিং অফিসাররাও ভোট শেষের পর স্বল্প সময়ে দ্রুততার সঙ্গে ভোট কেন্দ্রে ফল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, ভোটগ্রহণকারী কর্মকর্তা, দেশি বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমসহ নির্বাচন সংশ্লিষ্টরা সবাই ইভিএম ব্যবহারের প্রশংসা করে সব নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে অভিমত প্রকাশ করেছে।
“তথাপি কমিশন মনে করে, এ বিষয়ে বিএনপির আপত্তির বিষয়টি সমাধানকল্পে তাদের কারিগরি প্রতিনিধির সাথে কমিশনের বিশেষজ্ঞ প্যানেলের আলোচনার জন্য কমিশন সর্বদাই প্রস্তুত রয়েছে।”
সেনা মোতায়েন প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের সময় কোথায় কখন কীভাবে সেনা মোতায়েন হবে তা নির্ধারণ করা হয় নিরাপত্তার স্তর, পরিস্থিতি এবং পরিধির প্রেক্ষাপট বিশ্লেষণের পর, যার এখতিয়ার কমিশনের। স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীরা এ বিষয়ে মতোমত দিতে পারেন; কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কমিশনের।
“কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হবে না মর্মে কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত পরিবর্তনের মতো কোনো পরিস্থিতি বিরাজমান নেই”, বলেছে ইসি।
কুমিল্লা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে বিএনপির সহযোগিতাও চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের চিঠিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরআরডি/জেকে/১৪২৭ ঘ.
bdnews24