২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই শুরু

গতবারের চেয়ে প্রায় এক হাজার মেট্রিকটন কম উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে দেশের অন্যতম বৃহৎ জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

জয়পুরহাট, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতবারের চেয়ে প্রায় এক হাজার মেট্রিকটন কম উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে দেশের অন্যতম বৃহৎ জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের পরে প্রথা অনুযায়ী চিনিকলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে আখ মাড়াই উদ্বোধন করেন প্রবীণ চাষী আহসান আলী ম-ল ও প্রাক্তন মিল শ্রমিক মোজাম্মেল হক। আলোচনা সভা শেষে জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ জানান, চলতি মাড়াই মৌসুমে ৮০ হাজার মেট্রিকটন আখ মাড়াইয়ের মাধ্যমে ৬ হাজার মেট্রিকটন চিনি উৎপাদন হবে, যা গতবছরের চেয়ে প্রায় এক হাজার মেট্রিকটন কম। তিনি বলেন, “আখচাষ এবার কম হয়েছে এ এলাকায়। তাই চিনি উৎপাদন অনেক কম হবে।” আগামী মৌসুমে আখের দাম বৃদ্ধি করে মণপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছে। এতে আগামী মৌসুমে আখচাষসহ চিনি উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। শহীদ উল্লাহ আরো জানান, সরকারি ভর্তুকি আর মূল্য বৃদ্ধি করা হলেও সন্তুষ্ট নন চিনিকল এলাকার কৃষকরা। আলোচনা সভায় বক্তারা অন্যান্য ফসলের সঙ্গে সঙ্গতি রেখে দীর্ঘ মেয়াদী এ ফসলের মূল্য নির্ধারণের উপর গুরুত্বারোপ করেন। সভায় অন্যান্যের মধ্যে জয়পুরহাট পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২৩২২ ঘ.