২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারজানাকে ইডেন কলেজের সংবর্ধনা

যৌতুক চাওয়ায় বরকে বিয়ের আসরে তালাক দেয়া ফারজানা ইয়াসমিনকে সংবর্ধনা দিয়েছে ইডেন মহিলা কলেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক চাওয়ায় বরকে বিয়ের আসরে তালাক দেয়া ফারজানা ইয়াসমিনকে সংবর্ধনা দিয়েছে ইডেন মহিলা কলেজ। শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানে তাকে দীপান্বিতা বলে অভিহিত করা হয়। ঢাকার ইডেন কলেজ থেকে সমাজকল্যাণে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাস করা ফারজানা বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের খলিলুর রহমানের মেয়ে। সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফারজানাকে বেগম রোকেয়ার সঙ্গে তুলনা করে ঢাকা ৭ আসনের সাংসদ মোস্তাফা জালাল মহিউদ্দিন বলেন, “ফারজানা এই যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বেগম রোকেয়া নারীদের নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছেন তা পরিপূর্ণতা পেল।” গত ১১ নভেম্বর বিয়ের প্রীতিভোজ শেষে বরের হাতে মেয়েকে তুলে দেওয়ার সময় বরের ফুফু যৌতুক চান কনের বাবার কাছে। তা সমর্থন করে বর হীরণ। এর প্রতিবাদে ফারজানা বিয়ের আসরেই বরকে তালাক দেন। কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরী বলেন, ফারজানা যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদী এক সাহসী নাম। তিনি বলেন, ”আজ আমাদের কলেজ ধন্য হয়েছে এরকম একজন প্রতিবাদী নারীকে পেয়ে।” নিজের কলেজ থেকে এই সংবর্ধনা পেয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফারজানা বলেন, “এই সম্মান আমাকে সকল নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী হতে আরো দায়িত্বশীল ও সাহসী করে তুলল।” যৌতুক চাওয়ায় ঘটনায় তালাকপ্রাপ্ত বর শওকত আলী খান হীরণ পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার ফুফু কলাপাড়া সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খানমকে ১৫ নভেম্বর থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অনুষ্ঠানে ফারজানাকে ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২৫৬ ঘ.