মাগুরা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কামান্না শহীদ দিবস পালিত হয়েছে মাগুরায়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ শনিবার বিকালে সদর উপজেলার হাজিপুর হাইস্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে।
১৯৭১ সালের ২৬ নভেম্বর মাগুরা সীমান্তে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে ২৮ মুক্তিযোদ্ধা শহীদ হন। পঁচাট গণকবরে তাদের সমাহিত করা হয়।
দিবস উপলক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, শোকর্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকাল ৩টায় শোকর্যালি শেষে হাজিপুর হাইস্কুল প্রাঙ্গণে বেদীতে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মোল্লা নবুয়ত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবুল খায়ের, আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, জহুর-ই-আলম প্রমুখ।
বক্তারা কামান্না যুদ্ধে শহীদদের দেহাবশেষ কামান্না থেকে মাগুরায় এনে যথাযোগ্য মর্যাদায় সমাহিত করার দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১১৯ ঘ.
bdnews24