২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে উত্ত্যক্তকারীর ছুরিকাঘাতে বাবা নিহত

বরিশাল নগরীতে মেয়েকে উত্ত্যক্তকারীর ছুরিঘাতে এক মুক্তিযোদ্ধা শিক্ষক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

বরিশাল, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে মেয়েকে উত্ত্যক্তকারীর ছুরিঘাতে এক মুক্তিযোদ্ধা শিক্ষক নিহত হয়েছেন। নিহত মো. জিন্নাত আলী (৫৮) নগরীর সাগরদী এলাকার এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন। শুক্রবার রাতে নগরীর রূপাতলী চান্দুর মার্কেটের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। ঢাকা নেওয়ার পথে শনিবার বিকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মিঠু নামে এক যুবককে আটক করেছে। নিহতের স্বজনদের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিন্নাত আলীর মেয়ে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। স্থানীয় রূপা ওরফে রূপম ওরফে অনিক (২২) প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো। এই ঘটনায় তিন মাস আগে নগরীর কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন জিন্নাত আলী। এর জেরে শুক্রবার রাতে রূপাতলী চান্দুর মার্কেট এলাকায় তাকে ছুরিকাঘাত করে অনিক ও তার সঙ্গীরা। নগরীর উপ-পুলিশ কমিশনার জিল্লুর রহমান বলেন, ডায়েরি করার পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৫০ ঘ.