২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা সদস্যের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার

হবিগঞ্জ সদর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

হবিগঞ্জ, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল মিয়া (৩০) বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের আব্দুল মন্নাফ উল্লাহর ছেলে। তিনি ঢাকা সেনানিবাসের ২০/বি ইউনিটে কর্মরত ছিলেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে দুলালের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। লাশের পাশে একটি ছুরিও পাওয়া গেছে। শায়েস্তাগঞ্জ থানার ওসি আজিজুর রহমান সরকার সাংবাদিকদের বলেন, হাত-পা বাঁধা ছাড়াও হত্যার পর দুলালের মুখমণ্ডল বিকৃত করা হয়। এছাড়া বুকেও ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা পুলিশ জানাতে পারেনি। বিষয়টি তদন্ত হচ্ছে বলে জানান ওসি। পুলিশ কর্মকর্তা আজিজুর জানান, বৃহস্পতিবার দুলাল মিয়া বাড়িতে আসার জন্য সেনানিবাস থেকে ছুটি নিয়েছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হচ্ছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৫৪০ ঘ.