কক্সবাজার, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৬৩ যাত্রী নিখোঁজ হওয়ার দাবি করেছেন ফিরে আসাদের একজন।
বৃহস্পতিবার গভীর রাতে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে
এই দুর্ঘটনা ঘটে বলে জানান ফিরে আসা যাত্রী শাহপরীর দ্বীপের মোহাম্মদ রফিক (৩৫)।
শুক্রবার দুপুরে মিয়ানমার হয়ে রফিকসহ পাঁচ বাংলাদেশি শাহপরীর দ্বীপে ফিরে আসেন বলে তিনি জানান।
এ ব্যাপারে কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ ‘ট্রলারডুবি’র কথা শুনেছে জানালেও বিস্তারিত কিছুই বলতে পারেনি।
মোহাম্মদ রফিক সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী ও কচুবনিয়া সমুদ্র উপকূল দিয়ে মিয়ানমারের ১২০ জন নাগরিকসহ মোট ১৮০ জন একটি মাছধরা ট্রলারে ‘অবৈধভাবে’ মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।
ঘণ্টা দেড়েক চলার পর সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ-পশ্চিমে এবং মিয়ানমারের নাইক্ষ্যংদিয়ার কাছে পৌঁছলে ট্রলারটির তলায় ফুটো হয়ে পানি উঠতে শুরু করে।
তিনি দাবি করেন, ওই ট্রলারে থাকা ‘দালাল’ শরীফ হোসেন মোবাইল ফোনে সমুদ্রে মাছ শিকারে থাকা আরেকটি ট্রলারকে ডাকলে ১৫/২০ মিনিটের মধ্যে ওই ট্রলারটি ডুবন্ত চলে আসে।
তার দাবি, ফুটো হওয়া ট্রলারের ১৮০ যাত্রীকে তুললে মাছধরা ট্রলারটি ডুবে যায়। ওই সময় আতঙ্কিত যাত্রীরা সমুদ্রে লাফিয়ে পড়ে। ওই সময় সমুদ্রে ভাটার টান থাকায় তারা স্রোতের টানে ভেসে যায়।
“ওই ট্রলারের আমরা মাত্র ১৭ জন কোনোরকমে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া উপকূলে উঠতে সক্ষম হই” রফিক বলেন।
অন্য যাত্রীদের কী হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
টেকনাফ কোস্টগার্ডের কনটিনজেন্ট কমান্ডার জসিম উদ্দিন, স্টেশন কমান্ডার জুবাইর, টেকনাফ ৪২ ব্যাটালিয়ন বিজিবির অপারেশন অফিসার মেজর শামসুজ্জামান মো. আরিফ ও টেকনাফ থানার ওসি মাহবুবুল হক জানান, তারা সাগরে ট্রলারডুবি’র কথা শুনেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৩ ঘ.
bdnews24