ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানি শাসনামল, রবীন্দ্রসঙ্গীত যখন নিষিদ্ধ, তখন তা প্রকাশ্যে গেয়ে সাহসিকতার সঙ্গে যে সংগঠনটির আত্মপ্রকাশ, সেই ছায়ানট পেরিয়ে গেলো অর্ধশত বছর।
বর্ণময় আয়োজনে সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে ছায়ানট। এ উপলক্ষে দুদিনের অনুষ্ঠানমালা শুক্রবার শুরু হলো।
১৯৬১ সালে যাত্রা শুরুর পর থেকে বাঙালি সংস্কৃতির চর্চা ও বিকাশে কাজ করে আসছে ছায়ানট। তাই সুবর্ণজয়ন্তীর ‘স্থির প্রত্যয়ে যাত্রা’- এ স্লোগান ঠিক করে তারা বলছে, চলবো একই ধারায়।
সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ শিল্পী মদন গোপাল দাস। ছায়ানটের ক্ষুদে শিল্পীদের কণ্ঠে ‘লাখো লাখো শহীদের রক্ত মাখা, আমাদের এই পতাকা’ গানটি উদ্বোধনী গান হিসেবে গাওয়া হয়।
রাজধানীর ধানমণ্ডিতে ছায়ানট ভবনের আঙিনায় উন্মোচন করা হয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নির্মিত একটি ভাস্কর্য। নাসিমা হকের করা এ ভাস্কর্যের নাম ‘শিরোনামহীন’।
ভাস্কর্য উদ্বোধন শেষে ‘প্রজাপতি, প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা’ গানের সুরে নাচে এক দল শিশু।
মূল অনুষ্ঠান হয় ছায়ানট মিলনায়তনে। সংগঠনের সভাপতি সনজীদা খাতুন, শিক্ষাবিদ সোহরাব হোসেন ও সাইফুদ দৌলা এতে বক্তব্য দেন।
এরপর শুরু হয় শাস্ত্রীয় সঙ্গীত। ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের শুদ্ধ সঙ্গীত বিভাগের শিল্পীরা এ পরিবেশনায় অংশ নেন। এটা শেষ হতে না হতেই নালন্দার ক্ষুদে শিল্পীরা নানা পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে তোলে। তাদের পরিবেশনা শেষে শুরু হয় রবীন্দ্র সঙ্গীত। সঙ্গীত বিদ্যায়তনের রবীন্দ্রসঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
মধ্যাহ্ন বিরতির পর বিকালে আবার অনুষ্ঠানের পসরা সাজিয়ে বসেন শিল্পীরা। শুরুতেই লোকসঙ্গীতের পরিবেশনা। মাটির গানের নানা ধারা পরিবেশন করেন সঙ্গীতবিদ্যায়তনের লোকসঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা।
বেলা গড়াতেই শুরু হয় নজরুল সঙ্গীত। পঞ্চম তলায় অনুষ্ঠিত এ পরিবেশনায় অংশ নেন সঙ্গীত বিদ্যায়তনের নজরুল সঙ্গীত বিভাগের শিল্পীরা। ৫০৮ নম্বর কক্ষে ছিল সুরের জাদু-রঙের জাদু’র শিক্ষার্থীদের উপস্থাপনা। এরপর আবৃত্তি আর উচ্চারণের উপস্থাপনা। সঙ্গীতবিদ্যায়তনের বিশেষ শ্রেণী ও নৃত্যকলা বিভাগের শিল্পীরা তুলে ধরেন সাংস্কৃতিক উপস্থাপনা। সন্ধ্যায় বসে প্রাক্তন শিক্ষার্থীদের কথা ও সুরের আসর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/এমআই/০০০০ ঘ.
bdnews24