শেরপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জানুয়ারির প্রথম দিনেই সরকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে ১৯ কোটি বিনামূল্যের বই পৌঁছে দেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলায় এ অনুষ্ঠানে তিনি বলেন, সবক্ষেত্রে জাতিকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার।
মতিয়া বলেন, অতীতের কোনো সরকার মাধ্যমিক ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দেওয়ার কথা চিন্তা করেনি। কিন্তু এই সরকার সে পরিকল্পনা হাতে নিয়ে বাস্তবায়ন করে চলেছে।
উপজেলার কোর্ট বিল্ডিং চত্বরের মুক্তমঞ্চে মেধাবী এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মধ্যে টাকা এবং কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলার ৪৪টি স্কুল ও মাদ্রাসার এসএসসি ও দাখিলের টেস্ট পরীক্ষায় যারা প্রথম থেকে দশম স্থান অধিকার করেছে এমন ৪৪০ জন ছাত্রছাত্রীর প্রত্যেককে ৫০০ টাকা করে দেওয়া হয়।
এছাড়া ৯০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি করে বোরো বীজ এবং বিভিন্ন রকমের ৬০ কেজি করে সার দেওয়া হয়।
নকলা উপজেলা চেয়ারম্যান মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শেরপুর জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. গোলাম রাব্বানী প্রমুখ।
এরপর বিকালে কৃষিমন্ত্রী নালিতাবাড়ি উপজেলা পরিষদ চত্বরেও ৪৪টি স্কুল ও মাদ্রাসার ৪৪০ জন ছাত্রছাত্রীর মধ্যে টাকা এবং কৃষকদের মধ্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.
bdnews24