দিনাজপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওষুধের দোকান তুলে নেওয়াসহ তিন দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি।
শুক্রবার দুপুর ৩টায় জেলা প্রশাসনের হস্তক্ষেপে তারা অনির্দিষ্টকালের এ ধর্মঘট প্রত্যাহার করে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে স্থাপিত ওষুধের দোকান তুলে নেওয়া সহ ৩ দফা দাবিতে দিনাজপুরের ওষুধ ব্যবসায়ীরা বৃহস্পতিবার থেকে ধর্মঘট শুরু করে।
দিনাজপুর জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ জানান, ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘটের দ্বিতীয় দিনে শুক্রবার দুপুর ২টায় জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট হাসপাতালের অভ্যন্তরের সহিদুল ফার্মেসী বন্ধ করে দেন।
সমিতির মূল দাবি বাস্তবায়ন হওয়ায় এবং সমিতির নেতাদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের করা মামলা আইনগতভাবে প্রত্যাহারের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24