২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ দুই বনদস্যু আটক

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা ফরেস্ট স্টেশন সংলগ্ন পশুর নদী থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 08:10 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

বাগেরহাট, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা ফরেস্ট স্টেশন সংলগ্ন পশুর নদী থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে শামীম শিকদার (৩৮) ও শুক্কুর হাওলাদার (৩৫) নামে ওই দুই জলদস্যুকে আটক করার কথা জানিয়েছেন মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট হাসানুজ্জামান। এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি এক নলা বন্দুক ও বন্দুকের ২৫টি তাজা গুলি উদ্ধার করা হয়। এদের মধ্যে শামীম বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী গ্রামের মুন্নাফ শিকদারের ছেলে এবং শুকুর একই উপজেলার চাকশ্রী বারুইপাড়া গ্রামের দলিল উদ্দিন হাওলাদারের ছেলে। হাসানুজ্জামান বলেন, “বনদস্যু গামা বাহিনীর দুই সক্রিয় সদস্য নন্দবালা ফরেস্ট স্টেশন এলাকায় অস্ত্র ও গুলি বিক্রি করতে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। বিকালে তাদের আটক করা হয়।” পরে ওই দুইজনের বিরুদ্ধে মংলা থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন কোস্টগার্ড পশ্চিম জোনের পেটি অফিসার এমএ জলিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৪০৬ ঘ.